মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় ফুটবল খেলাটা কল্পনার চেয়েও বোধহয় বেশি কঠিন। এমন বিরূপ পরিবেশে লিওনেল মেসিদের খেলা নিয়ে কদিন ধরে কথা হয়েছে অনেক। এমনকি ৫ থেকে ৭ ইঞ্চি উচ্চতার তুষারপাতের আশঙ্কায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। তবে লাভ হয়নি। এমন বিরূপ আবহাওয়াতেই খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। এসবের মধ্যেও ঠিকই জাদুর ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। তার সেই জাদুকরী মুহূর্তই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এই ম্যাচের ৫৬ মিনিটে গোল করেন মেসি। নতুন বছরে আর্জেন্টাইন কিংবদন্তির প্রথম গোল এটি। মাঝমাঠের একটু ওপর থেকে লম্বা লব বাড়ান সের্জিও বুসকেতস। বক্সের ভেতরে কাঁধ দিয়ে বল নামিয়ে পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে কঠিন কোণ থেকে নিজের দুর্বল ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান মেসি। ফিরতি লেগে মঙ্গলবার নিজেদের মাঠে খেলবে মায়ামি।
