এমবাপ্পের হ্যাটট্রিকে সিটির বিদায়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ এএম

প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালের কাছে হারার পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, বার্নাব্যুতে তাদের জয়ের সম্ভাবনা এক শতাংশ। তাই হয়েছে। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে একপেশে ম্যাচে সিটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। ৬-৩ গোল গড়ে প্লে-অফ জিতে শেষ ষোলোতে পা বাড়িয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। আর ২০২৩-এর চ্যাম্পিয়নরা নিয়েছে বিদায়।

গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন ঘটনা প্রথম হলো যে, দল শেষ ষোলোর আগেই বিদায় নিল। ম্যাচ শেষে তাই পেপ গার্দিওলা বলেছেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়।’

নিজেদের মাঠে চতুর্থ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। নিজেদের অর্ধ থেকে দারুণ এক থ্রু পাস বাড়ান রাউল আসেন্সিও, বলের পিছু ছুটে ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন রুবেন দিয়াজ। সিটি গোলকিপারের মাথার ওপর দিয়ে গোল করেন এমবাপ্পে। ৩৩ মিনিটে রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে ডজ দিয়ে গাভার্দিওলকে এড়িয়ে গতিময় নিচু শটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৬১ মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি শটে চ্যাম্পিয়নস লিগে তার তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন ফরাসি ফরোয়ার্ড। ক্যারিয়ারে এমবাপ্পের ২১ নম্বর হ্যাটট্রিক এটি।

পিএসজির ৭ গোল : প্রথম লেগে ব্রেস্তের মাঠে তিন গোল করেছিল পিএসজি। তাই অনেকটা নির্ভার হয়েই দ্বিতীয় লেগ খেলতে নামে ফরাসি চ্যাম্পিয়নরা। এবার পিএসজি জিতেছে ৭-০-তে। প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়া ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ফিরতি লেগে জুভেন্তাসকে ৩-১ গোলে হারিয়ে উঠে গেছে শেষ ষোলোতে। আর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে (দ্বিতীয় লেগ ০-০) স্পোর্টিং লিসবনকে হারিয়ে উঠেছে শেষ ১৬-তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত