প্রথম সারির অন্তত পাঁচজন তারকা ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আজ তাদের প্রথম ম্যাচ। এর আগে প্রতিটি ম্যাচকেই নক-আউট ধরে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। বড় টুর্নামেন্টের সময় অস্ট্রেলিয়া জ্বলে ওঠে –এই ধারণাকে আবারও বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্মিথকে প্রশ্ন করা হয় আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের রহস্য নিয়ে। জবাবে তিনি বলেন, ‘ভালো প্রশ্ন…। আমার মনে হয়, বড় টুর্নামেন্টের চাপ অস্ট্রেলিয়ার সেরাটা বের করে আনে। যদিও গত ১০ বছরের মতো সময়ে আমরা সম্ভবত প্রত্যাশিত ভালো করতে পারিনি। যেমন, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে।’
গত ওয়ানডে বিশ্বকাপে দুই ম্যাচ হেরে শুরু করা অস্ট্রেলিয়া পরে শিরোপা জিতেছিল। সেই প্রসঙ্গ টেনে স্মিথ বলেন, ‘আমরা জানি যে, কখনও কখনও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পেতে আমাদের কিছুটা সময় লাগে। গত কয়েকটি বিশ্বকাপে যেমন হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্ষিপ্ত টুর্নামেন্ট। মাত্র তিনটি লিগ ম্যাচ। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে। দলের জন্য বার্তা হলো, আমরা শুরু করছি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। আশা করি, এটা আমাদের ক্রিকেটারদের সেরাটা বের করে আনবে।’
অস্ট্রেলিয়ার সেরা তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জস হ্যাজেলউড এই আসরে খেলছেন না। চোটের কারণে নেই দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। তবু আত্মবিশ্বাসের কমতি নেই স্মিথের, ‘আমি বেশ রিল্যাক্সড আছি। আন্তর্জাতিক ক্রিকেটে ও বড় টুর্নামেন্টে সবসময়ই চাপ থাকে। অবশ্যই আমরা দারুণ কয়েকজন ফাস্ট বোলারকে পাচ্ছি না। তবে সেসব নিয়ে আমরা চিন্তিত নই। বরং এখানে যারা আছে এবং যাদের সামনে সুযোগ আছে, তাদের নিয়েই ভাবছি।’
পাকিস্তানের জয় চান ভারতের সাবেক ক্রিকেটার
রিয়ালের বিপক্ষে লড়াইয়ে আমরা প্রস্তুত: সিমিওনে
ভারত শক্তিশালী, আমরা তাদের হারিয়ে দেব: খুশদিল