ভাঙাচোরা অস্ট্রেলিয়াকেও হেলাফেলা করছে না ইংল্যান্ড

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

ক্রিকেটে ভারত-পাকিস্তান যেমন চিরপ্রতিদ্বন্দ্বী, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও তাই। অ্যাশেজ ঘিরে দুই দেশের মাঝে যে যুদ্ধের আবহ তৈরি হয় –সেটা কারও অজানা নয়। আজ শনিবার চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে অস্ট্রেলিয়া দলটির অবস্থা এবার সুবিধার নয়। প্রথম সারির অন্তত পাঁচজন তারকা ছাড়াই তারা আইসিসি ইভেন্টে এসেছে। তবু চিরপ্রতিদ্বন্দ্বীদের অবহেলা করছেন না জস বাটলার।

অস্ট্রেলিয়ার সেরা তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জস হ্যাজেলউড এই আসরে খেলছেন না। চোটের কারণে নেই দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে তো অস্ট্রেলিয়া সব সময় ভালো পারফর্ম করে। আমরা কঠিন একটা চ্যালেঞ্জই প্রত্যাশা করছি। (নিয়মিত পেসারদের বদলে যারা অস্ট্রেলিয়া দলে এসেছে) তাদের খুব ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের।’

ওয়ানডেতে ১৬১টি মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৯১টি, ইংল্যান্ড ৬৫টি। দুটি টাই ও ফল হয়নি তিনটি ম্যাচের। তবু প্রতিপক্ষকে অবহেলা করছেন না বাটলার, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা তো সব সময় থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয়। আর চ্যাম্পিয়নস ট্রফির যে ফরম্যাট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ প্রায় একই সুর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের কণ্ঠেও, ‘সাদা বলে ইংল্যান্ড কয়েক বছর ধরে দুর্দান্ত খেলেছে। আশা করি কাল (আজ) একটা ভালো ম্যাচ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত