ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ এএম

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বন্দিদের অধিকার বিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানায়, ওই বন্দিরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ বন্দি রয়েছেন।

সংগঠনটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করে রাখে। বন্দিদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার এক বন্দি মুসাব হানি হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ৩৫ বছর বয়সী হানিয়াকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করে। তার পরিবারের মতে, আটকের আগে হানিয়া সুস্থ ছিলেন।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সালে তেল আবিবের পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।

অন্তত ১০ হাজার ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি। এই সংখ্যায় গাজা উপত্যকা থেকে গ্রেপ্তারকৃতদের অন্তর্ভুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, গাজা থেকে আটকদের সংখ্যা কয়েক হাজার।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত