ক্যাম্পের আগেই ৮ জন বাদ, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা

হামজা চৌধুরী ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। ফাহমেদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে যুক্ত হবেন। 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে প্রস্তুতির দুদিন আগেই প্রাথমিক তালিকা থেকে আটজন ফুটবলারকে বাদ দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এখন তার হাতে আছেন ৩০ ফুটবলার।

জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও সাকিব আল হাসানের বাদ পড়ার কারণ জানিয়েছেন ম্যানেজের আমের খান, ‘কোচের সঙ্গে আটজন খেলোয়াড়ের কথা হয়েছে। কেউ কেউ চোটে আছেন। অন্য সমস্যাও আছে।  আপাতত তাই তারা ক্যাম্পে থাকবেন না। তবে প্রয়োজন হলে সৌদি আরব থেকে আসার পর ডাক পড়বে।' বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য ৩৮ জনেরই ভারতের ভিসা নিয়ে রেখেছে বলে জানিয়েছেন আমের খান।

৩০ জনের মধ্যে ২৮ জনকে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীকে ছাড়াই সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। হামজা ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। আর ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা ফাহমেদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের অনুশীলনে যুক্ত হবেন। 

৩০ সদস্যের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার- শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড- রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন,  মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত