বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছে কি না, তাকে এটা নিশ্চিত করতে হবে। রাজনীতি মানে মিটিং-মিছিল করা নয়। কে কত সমাজসেবা করেছেন, তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে।’
গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে রিজভী এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি মন্তব্য করে রিজভী বলেন, ‘জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না; কিন্তু রাস্তাঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও মানুষ প্রত্যাশা করেনি।’ তিনি বলেন, ‘সারা দেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা।
