গাজীপুরের আদালতে মামলায় জামিন নিতে আসা দুই বিচারপ্রার্থীকে অপহরণ করে নিয়ে গেছে বাদী পক্ষের লোকজন। এ সময় হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এতে আদালত পাড়ায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিস সহকারী আইয়ুব আলী গুরুতর আহত হয়েছেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই আইনজীবীর সহকারী মো. মতিউর রহমানকে মারধর করে আহত করা হয়েছে। এ ছাড়া বিচারপ্রার্থী আরও ১০ জনকে মারধর করা হয়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অপহৃত দুই বিচারপ্রার্থীরা হলেন গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
