পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর।
আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ দলের নেতৃবৃন্দরা।
মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। সিনেমা হল বন্ধসহ সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
