পটুয়াখালীতে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা ট্যাবলেটসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সাগরপথে পাচারকালে একটি মাছধরা ট্রলারে থাকা একটি বস্তা থেকে ১ লাখ ইয়াবা এবং লেম্বুরবন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তা থেকে আরও ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেস ব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কুয়াকাটা সৈকত এবং সংলগ্ন লেম্বুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলারে জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময়ে লেম্বুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি বস্তায় থাকা তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জেলে পরিচয়দানকারী পাচারকারীরা হলেনÑ নবি হোসেন, মনির উদ্দিন, সোয়াদ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ।
গ্রেপ্তার ১৬ পাচারকারী, জব্দ করা ট্রলার ও উদ্ধার করা চার লাখ ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
