মিউনিখ সম্মেলনের ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সৌহার্দপূর্ণ নব্বই মিনিটের ফোনালাপে বিস্মিত হয় ইউরোপ। এর ফলে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যে কূটনৈতিক সম্পর্ক স্থগিত ছিল, তা পুনরায় শুরু হয়ে যায়। এক সপ্তাহ ধরে আমেরিকা ও ইউরোপের সম্পর্ক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপ নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। তারা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ দ্রুত শেষ করার জন্য আলোচনা করতে চায়। যুক্তরাষ্ট্র চায় ইউরোপ তার নিজের নিরাপত্তার দায়িত্ব নিজে নিক। ট্রাম্প প্রশাসন আভাস দিয়েছে, তারা চায় ইউরোপ ও আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটি জোট গড়ে উঠুক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের এ ধরনের টানাপড়েনের আগে অনেকবার দেখা গেলেও সাধারণত কিছুদিন পর পরিস্থিতি আগের মতো হয়ে যেত। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ট্রাম্পের কর্মকর্তারা ইউরোপের নেতাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। এটি সম্মেলন জুড়ে উত্তেজনা তৈরি করেছে।
প্রশ্ন উঠছে, যদি পশ্চিমা দেশগুলোর ঐক্য ভেঙে যায়, রাশিয়া যদি আবার শক্তিশালী হয়ে ওঠে ও ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে এর প্রভাব সারা বিশ্বের রাজনীতিতে কেমন হবে? এ পরিস্থিতি শুধু ইউরোপের জন্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বুধবার থেকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেন, তিনি ও ভøাদিমির পুতিন মিলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য আলোচনার একটি পরিকল্পনা করেছেন। এ খবর শোনার পর ইউরোপ ও ইউক্রেন আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, তারা ভয় পাচ্ছিল এই ভেবে যে, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তাদের এই আলোচনার অংশই করা হয়নি। ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা ইউরোপকেই সামলাতে হবে। এতে যুক্তরাষ্ট্রের সহায়তা খুবই সীমিত থাকবে। এই ঘোষণায় ইউরোপের দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, তারা মনে করে, এ ধরনের দায়িত্ব নেওয়ার জন্য তারা যথেষ্ট প্রস্তুত নয়। এ ছাড়া হেগসেথ বিদ্যমান মার্কিন নীতির বিপরীত অবস্থান নিয়ে বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না। বিষয়টি পরিহাসের, কারণ ২০০৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথমবার ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়ে জোর দিয়েছিলেন। অবশ্য জার্মানি ও ফ্রান্স তখন এর বিরোধিতা করেছিল। কারণ তারা মনে করত, এতে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে। মিউনিখের মঞ্চে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রবেশ করেন, তখন উপস্থিত সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিলেন। তারা জানতে চাইছিলেন, ট্রাম্প প্রশাসনের ইউক্রেন বিষয়ে প্রকৃত পরিকল্পনা কী? কিন্তু তারা ভ্যান্সের মুখে যা শুনলেন, তা ইউরোপে কোনো আমেরিকান রাজনৈতিক নেতার দেওয়া সবচেয়ে বিতর্কিত ভাষণগুলোর একটি হয়ে থাকবে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কিছু না বলে জেডি ভ্যান্স এক ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি অভিযোগ তোলেন, ইউরোপ মুক্ত মতপ্রকাশ দমন করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তিনি বলেন, তারা ডানপন্থি জাতীয়তাবাদী দলগুলোর অগ্রযাত্রা রোধ করছে। ভ্যান্সের এই বক্তব্য যেন গলিত সিসার মতো শ্রোতাদের ওপর নেমে আসে। গণতন্ত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উপস্থিত ইউরোপীয় নেতাদের ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছেন, ইউরোপের মতামত ছাড়াই যদি রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার নতুন রূপরেখা তৈরি করে, তাহলে সেটি হবে আরেকটি ইয়াল্টা মুহূর্ত। তবে তিনি চেয়েছেন সেটিকে একটি হেলসিংকি মুহূর্তে পরিণত করতে, যেখানে ভবিষ্যৎ শান্তি ও সম্পর্কোন্নয়নের নীতিমালা নির্ধারণ করা হবে। অন্যদিকে কিছু নেতা ইউরোপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর এবং নিজের পথ অনুসরণ করে ইউক্রেনের জন্য যুদ্ধ জয় করার আহ্বান জানিয়ে যাচ্ছিলেন।
এদিকে এশিয়ার দুই বড় দেশ চীন ও ভারত পশ্চিমের এই পরিবর্তন দেখে বেশ আশাবাদী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। পশ্চিমের এই বিভাজন দেখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই খুব শান্তভাবে বক্তব্য দিয়েছেন। আসলে চীন নিজেই দীর্ঘদিন ধরে পশ্চিমের মধ্যে এমন বিভাজন সৃষ্টির চেষ্টা করে আসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো কিছুটা সতর্ক ছিলেন; তবে তাকেও আশাবাদী মনে হয়েছে। চীন ও ভারতের মতো দেশগুলোর জন্য পশ্চিমের এই বিভক্তি এমনই এক সংকেত, যা তাদের ভাবতে উদ্বুদ্ধ করে যে এই শতাব্দী তাদেরই হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পুতিন ও ট্রাম্পের পরবর্তী আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দুই নেতার আলোচনায় মূলত ইউক্রেন ও সমগ্র ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় নেতাদের একত্র করার চেষ্টা করছেন, যাতে তারা এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থরক্ষা করতে পারেন। তবে তা করা অত্যন্ত কঠিন হবে। কারণ পুরো প্রক্রিয়া এখনো গঠনপর্বে রয়েছে। যুক্তরাষ্ট্র ইউরোপকে পুরোপুরি পরিত্যাগ করছে না। তবে গত সপ্তাহের ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের এমন এক বড় প্রচেষ্টার সূচনা হিসেবে দেখতে হবে, যার লক্ষ্য ইউরোপের সঙ্গে সম্পর্কের শর্ত পুনর্মূল্যায়ন করা। যুক্তরাজ্য এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিয়ে অনেকটাই অনিশ্চিত। তারা ন্যাটো সদস্যপদ নিয়ে ইউক্রেনকে আশ্বস্ত করলেও ইউক্রেনকে সদস্য বানানোর ব্যাপারে তাদের প্রভাব খুব সীমিত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল; কারণ, ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলোর এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রের আগের ওই পথ অনুসরণ করা হবে না। প্রায় তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার আগে থেকেই এই যুদ্ধ থামানোর বিষয়ে তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে ফিরে সেই তৎপরতা আরও বাড়িয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, এটাই এখন দেখার বিষয়।
লেখক : গবেষক ও কলাম লেখক
