দেশের সবখানে মুল্যবৃদ্ধির খবরের মধ্যেই রমজান মাস জুড়ে সাতক্ষীরায় ক্রেতারা ১০০ টাকায় কিনতে পারবে গরুর মাংস। সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় এনে জেলা সদরে এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। গতকাল শনিবার শহরের প্রাণিসম্পদ অফিসের সামনে এই সুলভ মূল্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে মাংসের পাশাপাশি পাওয়া যাবে দুধ ও ডিম।
এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ. দা.) বিষ্ণুপদ বিশ^াস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
মাংস কিনতে আসা ইব্রাহিম খলিল বলেন, ‘বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এই বিশেষ বাজার সাধরণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সঙ্গে পূরণ হবে পুষ্টি চাহিদাও।’
ইউএনও নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এ আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুতই এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা লিটার দুধ এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হবে ডিম। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রাণিসম্পদ অফিসের লক্ষ্য।
