হিলিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খোলা বাজারের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে দারুন খুশি নিম্ন আয়ের মানুষজন। তবে রজমান শুরু হওয়ায় ছোলা ও খেজুর না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা।

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় হিলি বাজারস্থ খাদ্যগুদাম মোড়ে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন।

টিসিবির পণ্য নিতে আসা আফজাল হোসেন বলেন, বাজারে তো চাল, ডাল ও তেলের দাম ঊর্ধ্বমুখি। আমাদের মত নিম্ন আয়ের মানুষদের বাজার থেকে কিনে খাওয়া সম্ভব নয়। সরকার আমাদের মত মানুষদের কথা বিবেচনা করে টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রয় শুরু করেছেন। এর ফলে আমরা বাজার মূল্যের চাইতে কম মূল্যে পণ্য কিনতে পারছি। এতে আমরা যারা গরীব খেটে খাওয়া মানুষজন রয়েছি তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। যেহেতু আজ থেকে রমজান মাস শুরু হয়ে গেছে তাই যদি ছোলা ও খেজুর দেওয়া হত তাহলে আরো ভালো হত।  

অপর কার্ডধারী নূর আলম বলেন, বাজারে তো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে তেল, চাল ও ডাল এসবের দাম বেশী কিন্তু টিসিবির মাধ্যমে কম দামে পণ্য দেওয়ায় আমরা যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছি তারা খেতে পারছি। গতবার ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুরডাল দিয়েছিল। এবারে নতুন করে চিনি যোগ করায় প্যাকেজ মূল্য বাড়িয়ে ৫৪০টাকা করেছে যার কারণে একটু সুবিধা হয়েছে আমাদের। তবে যেহেতু রমজান মাস তাই ছোলা দিলে আরো একটু বেশী ভালো হত আমাদের জন্য।   

হাকিমপুর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি কামাল হোসেন বলেন, সারাদেশের ন্যায় আজ হাকিমপুর উপজেলায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ পৌরসভার ১,২,৬ এই তিনটি ওয়ার্ডের স্মার্টকার্ডধারী ব্যক্তিদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। সঠিক ব্যক্তি যেন তার পণ্যটি নিতে পারেন সেই বিষয়টি তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো উপজেলার স্মার্টকার্ডধারী ৭ হাজার ৩৮ জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত