পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৩ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মী। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে তাদের ইবি থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম নাঈম ও ছাত্রলীগকর্মী মারুফ আহমেদ। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বেলা সাড়ে ১১টায় তাদের চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। তারা বিভাগে না জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের ক্যাম্পাসে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী সেøাগান দিতে থাকেন। পরে তাদের পরীক্ষার হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আর যারা এই দোসরদের প্রশ্রয় দেবে, তাদেরও প্রতিহত করা হবে।’

সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, ‘তারা দুজন পরীক্ষা দিতে আসছিল। আমরা আগে অবগত ছিলাম না। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে তাদের থানা হেফাজতে দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান আছে। তাদের আগের কার্যক্রম দেখা হচ্ছে। আগে কোনো অন্যায়-অপরাধ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত