গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহ পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি এবং আরও ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌরসভার অফিস নোটিসে এই নির্দেশনা জারি করা হয়। নিদের্শনাটি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
সূত্র জানায়, গত বুধবার সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় শফিউদ্দিন নামের এক গ্রাহক পানির বিল দিতে আসেন। তার সঙ্গে কর্মচারীরা বিবাদে লিপ্ত হয়ে শারীরিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে দেয়। এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির ইমরান, পাম্প মিস্ত্রি খালেকুজ্জামান ও পাম্প হাউজ প্রহরী রিপনকে সাময়িক বরখাস্ত এবং হাজিরাভিত্তিক কর্মচারী সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
