হামজার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ 

'হামজা ভাই অনেক বড় মাপের খেলোয়াড়। ওনার খেলা আমি দেখেছি। ফাহামেদুলও ভালো খেলোয়াড়। আমার মনে হয় তাদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সমস্যা হবে না।'

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম

১৭ মার্চ ঢাকায় জাতীয় দলের সঙ্গে প্রথম সাক্ষাত ঘটবে হামজা চৌধুরীর। তার আগে ১০ মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গী হবেন ফাহমেদুল ইসলাম। ইউরোপের শীর্ষ দুই দেশের ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসী ফুটবলারদের যেমন বাংলাদেশের ফুটবলের সঙ্গে অভ্যস্থ হতে হবে, ঠিক একইভাবে হামজাদের মানের কাছাকাছি পৌঁছানোর চ্যালেঞ্জ আছে স্থানীয়দের। হাভিয়ের কাবরেরার চলমান পাঠশালায় সেভাবেই নিজেদের প্রস্তুত করছেন রাকিব হোসেন, মিতুল মারমারা। সহকারী কোচ হাসান আল মামুন মনে করেন খেলোয়াড়দের মধ্যে হামজাদের সঙ্গে মানিয়ে নেওয়ার তাড়নাটা ভীষণভাবে কাজ করছে।

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়। কঠিণ এই পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাইছে বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহ তিন পর্যায়ে দলকে প্রস্তুত করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার ছিল প্রথম পর্যায়ের প্রস্তুতির তৃতীয় দিন। সহকারী কোচ হাসান আল মামুন ২৮ ফুটবলারের মধ্যে সেরাটা দেওয়ার তাড়না দেখতে পেয়েছেন, 'আমার কাছে মনে হয়েছেন ছেলেরা অনেক বেশি মোটিভেটেড। ভারতের সঙ্গে আমাদের বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়। আমাদের দলের সঙ্গে আরও দুইজন বাংলাদেশী বিদেশী হামজা এবং ফাহমেদুল যোগ দিচ্ছে। ওদের সঙ্গে ওদেরকে (স্থানীয় ফুটবলার) মানিয়ে নিতে হবে। ওরাও চাচ্ছে নিজেদের সেরাটা দিয়ে যারা আসছে তাদের ওয়েলকাম জানাতে। যাতে ওরা বলতে না পারে, ওরা কেমন খেলে, কী খেলে। আমার কাছে এ যাবৎকালের সবচেয়ে ফোকাসড দল মনে হচ্ছে সব দিক থেকেই। কারণ ওরাও চিন্তা করছে হামজার সঙ্গে কিভাবে নিজেদের মানিয়ে নিবে।'

রাকিবও মনে করেন হামজা ও ফাহমেদুলের সংযুক্তি দলের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে, 'হামজা ভাই অনেক বড় মাপের খেলোয়াড়। ওনার খেলা আমি দেখেছি। কারণ ইংলিশ ফুটবল লিগ নিয়মিত দেখা হয়। ফাহামেদুলও ভালো খেলোয়াড়। আমার মনে হয় তাদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সমস্যা হবে না।'

দলের অন্যতম গোলকিপার মিতুল মারমা হামজার কাছ থেকে অনেক কিছুই শিখতে চান, 'ফুটবল দলগত খেলা। আমি মনে করি সবাই যদি একসঙ্গে খেলতে পারি সেটা ভালো হবে। এটা ঠিক হামজা ভাই একজন শীর্ষ পর্যায়ের খেলোয়াড়। আমরা যারা এশিয়া পর্যায়ে আছি, তার কাছ থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত