জননিরাপত্তায় ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করে ১৬০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মামলা করা হয়েছে ৩৬টি। গতকাল সোমবার ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পর্বে ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি থেকে ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ১৬০ জনের মধ্যে রয়েছে ৬ ডাকাত, ১৭ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৩ চাঁদাবাজ, ১৮ চোর, ২০ চিহ্নিত মাদক কারবারি, ১৯ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৩০ ইয়াবা ও ১ কেজি ৫৮৪ গ্রাম গাঁজা।
এদিকে বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. রাকিব হোসেন (২৪)।
