বিএনপি নেতা দুদু বললেন

’৯০ অভ্যুত্থানের তিন মাসে নির্বাচন হলে এখন কেন আটকাচ্ছে

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৭:২১ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নব্বই -এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে দুদু এ কথা বলেন।

দুদু বলেন, ‘একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এদেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটত।’

তিনি বলেন, ‘সরকার বলেছে এই বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয় যেমন ’৭২ থেকে ’৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫/১৬ বছর শেখ হাসিনার আমল দেখেছি। এ রকম যদি হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত