রিয়ালের সিদ্ধান্তে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিলেন ভিনি

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:০০ পিএম

ব্যালন ডি’অর বিতর্কের রেশ এখনো কাটেনি। গত বছর পুরস্কারটি ঘিরে ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল। মৌসুমজুড়ে দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রকে অনেকেই ব্যালন ডি’অরের প্রধান দাবিদার মনে করছিলেন। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় চিত্র। গুঞ্জন ছড়িয়ে পড়ে, পুরস্কার পাচ্ছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রিয়াল মাদ্রিদ। ফ্রান্স ফুটবলের আয়োজিত জমকালো অনুষ্ঠান বয়কট করে ক্লাবটি। এবার ব্যক্তিগতভাবে এই ইস্যুতে মুখ খুললেন ভিনিসিয়ুস। জানালেন, ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত তার নিজস্ব ছিল না, বরং ক্লাবের নির্দেশেই তিনি প্যারিসে যাননি।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভিনিসিয়ুস। 

অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল, আমি তাই করেছি। তারা আমাকে মাদ্রিদে থাকতে বলেছে, আমি সেটাই করেছি। এতে কোনো সমস্যা নেই। এখন আমরা সামনে তাকাচ্ছি।'

ব্যালন ডি’অরের দৌড়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন ভিনিসিয়ুস। তবে পুরস্কার জিততে না পারার আফসোস নেই বলে জানিয়েছেন তিনি। 

'আমি কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। তবে আপনি যদি এতটা কাছে যান, তখন সেটা পেতে ইচ্ছা করবেই। কিন্তু আমার সামনে আরও সুযোগ আছে। এই ক্লাবের হয়ে আমি আরও অনেক ট্রফি জিততে চাই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি, আরও জেতার জন্য এখানে আছি,' বলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

শুধু ট্রফি জয় নয়, রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস লেখার লক্ষ্যও জানিয়েছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, 'আমি এখানে ইতিহাস গড়তে এসেছি। ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সেটার প্রতিদান দিতে চাই। আমি আরও গোল করতে চাই, আরও বেশি ম্যাচ খেলতে চাই। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।'

এবার নজর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে। ডার্বি ম্যাচ নিয়ে নিজের উত্তেজনার কথা জানিয়ে ভিনিসিয়ুস বলেন, 'এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডার্বি হোক। মৌসুমজুড়ে এই বড় ম্যাচগুলোর জন্য অপেক্ষা করি, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। তাই ম্যাচটি নিয়ে আমি রোমাঞ্চিত।'

রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। ব্যালন ডি’অর বিতর্কের রেশ রেখে এবার মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চান ভিনিসিয়ুস। তার পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে রিয়াল ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত