চ্যাম্পিয়নস লিগের মাদ্রিদ ডার্বিতে ভাগ্য কি বদলাবে আতলেতিকোর?

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:১১ এএম

চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ মানেই আতলেতিকো মাদ্রিদের দুঃসহ স্মৃতি। ইউরোপের মঞ্চে বারবার নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবে যেতে হয়েছে লস রোজিব্লাঙ্কোসদের। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে হার, ২০১৫ সালের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের সেমিফাইনালে একই প্রতিপক্ষের কাছে বিদায়—প্রতিবারই এক রকমের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো।

আজ রাতে আরও একটা মাদ্রিদ ডার্বির আগে প্রশ্ন উঠছে, এবার কি সেই যন্ত্রণার ভাগ্য বদলাতে পারবে দিয়েগো সিমিওনের দল?

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে মাদ্রিদের দুই জায়ান্ট মুখোমুখি হবে। প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুতে, বাংলাদেশ সময় রাত ২টায়।

আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে পারা তারা চাইলে। কারণ আতলেতিকোতে এবার আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। কিংবদন্তি রাজা মাইডাসের মতো যার স্পর্শ মানেই শিরোপা, সেই আলভারেজকে ঘিরেই বড় স্বপ্ন দেখছে আতলেতিকো। ৮৫ মিলিয়ন ইউরো খরচ করে ম্যানচেস্টার সিটি থেকে আনা এই তারকা কি পারবেন ইউরোপীয় মঞ্চে আতলেতিকোর ভাগ্য বদলে দিতে? 

সিমিওনে আশাবাদী, 'আতলেতিকো মাদ্রিদের যেমন একজন খেলোয়াড় দরকার ছিল, সে তেমনই। তার খেলা আমাকে সেরা সময়ের লুইস সুয়ারেজের কথাই মনে করিয়ে দেয়।'

রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়নস লিগ যেন একঘেয়ে হয়ে গেছে! ইউরোপের এই প্রতিযোগিতায় তারা নামলেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ১৫ বারের চ্যাম্পিয়নরা যখন মাঠে নামে, তখন প্রতিপক্ষের যে কোনো পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়।

কার্লো আনচেলত্তির হাতে এবারও তারকায় ঠাসা স্কোয়াড। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগো—'ফ্যান্টাস্টিক ফোর' বলে পরিচিত এই আক্রমণভাগ নিজেদের দিনে প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম।

তবে সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। শনিবার লিগে রিয়াল বেতিসের বিপক্ষে হারের পর কোচ আনচেলত্তি সতর্ক করে বলেছেন, 'এমন খেললে মঙ্গলবার আমরা জিততে পারব না।' তবে এটাও ঠিক, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রিয়াল আলাদা এক চরিত্র হয়ে ওঠে।

বারবার একই দুঃখগাথার পুনরাবৃত্তি আতলেতিকো মাদ্রিদ আর দেখতে চায় না। সেই পুরনো গল্পের প্লট বদলাতেই এবার নামছে সিমিওনের দল। জুলিয়ান আলভারেজ কি পারবেন আতলেতিকোকে ইউরোপের নতুন এক ইতিহাসের পথে এগিয়ে নিতে? নাকি চিরচেনা রিয়ালই আবারও দেখিয়ে দেবে কেন তারা এই মঞ্চের রাজা?—সেই উত্তর মিলবে বার্নাব্যুর সবুজ গালিচায়!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত