শরিফুল ইসলামের তোপের আর তানভীর ইসলামের ঘূর্ণি—এই দুইয়ে কাবু হয়ে ৯৩ রানে অলআউট হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তাদের ইনিংস টেকেনি ৩৮.৫ ওভারের বেশি।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। মাত্র ৪ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৬ উইকেট! রূপগঞ্জের পেসার শরিফুল ইসলাম প্রথম ৩ ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নিলে ম্যাচের গতি নির্ধারিত হয়ে যায় তখনই।
প্রথম বলেই উইকেট! শরিফুলের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটরক্ষক আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এনামুল হক বিজয়। প্রথম ওভারেই ফেরেন সালমান হোসেন ইমনও। এরপর সৌম্য সরকারের সরাসরি থ্রোতে রানআউট সাদিকুর রহমান, শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ পারভেজ জীবন।
পরের ওভারে জাতীয় দলের আরেক পেসার তানজিম হাসান সাকিব উইকেট পেলে ৪ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজী গ্রুপ।
এরপর তোফায়েল আহমেদ (২৪) ও ওয়াসি সিদ্দিকি (১৮) কিছুটা প্রতিরোধ গড়েন। তারা ৪৭ রানের জুটি গড়লেও সেটি ভাঙেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। প্রথমে তোফায়েলকে বোল্ড, পরে ওয়াসিকে এলবিডব্লিউ করে মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকার করেন তানভীর।
৯ উইকেটে ৬৫ রানে পরিণত হওয়া দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল গাফফার সাকলাইন। তার ৫০ বলে ২৬ রানের ইনিংসেই গাজী গ্রুপ অন্তত ৯০ পার করে। ২১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
রূপগঞ্জের হয়ে সেরা বোলিং করেছেন শরিফুল ইসলাম, ১০ ওভারে ১৪ রানে ৪ উইকেট, যেখানে ছিল ৩টি মেডেন। তানভীর ইসলাম ২৩ রানে ৩ উইকেট নিয়ে তার স্পিনে গাজী গ্রুপকে গুঁড়িয়ে দেন।
গাজী গ্রুপের ৯৩ রানের ছোট সংগ্রহ নিয়ে ব্যাট করতে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ, ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাবে দ্রুতই—নাকি নাটকীয় কিছু অপেক্ষা করছে?
রিয়ালের সিদ্ধান্তে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিলেন ভিনি
চ্যাম্পিয়নস লিগের মাদ্রিদ ডার্বিতে ভাগ্য কি বদলাবে আতলেতিকোর?