প্রচণ্ড চাপের মুখে বিরাট কোহলির আরেকটি মাস্টারক্লাস ইনিংসে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। গতকাল মঙ্গলবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪ উইকেটে। রান তাড়ায় ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি। তিন অঙ্ক ছুঁতে না পারলেও রান তাড়ায় নিজের দক্ষতা আরও একবার সবার সামনে মেলে ধরলেন ভারতীয় গ্রেট।
রান তাড়ায় যে বিরাট কোহলির জুড়ি নেই, সেটা বহুবার প্রমাণিত হয়েছে। এই টুর্নামেন্টেই কদিন আগে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। গতকাল রান তাড়ায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। রেকর্ডে সবার ওপরে থাকা শচীন টেন্ডুলকারের রান ২৩২ ইনিংসে ৮ হাজার ৭২০। কোহলি তাকে স্পর্শ করলেন ৭৩ ইনিংস কম খেলেই।
ম্যাচ শেষে তাই কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়া অধিনায়ক তথা প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের একজন স্টিভেন স্মিথ, ‘এই খেলাটা যত ব্যাটসম্যানকে দেখেছে, রান তাড়ায় কোহলিই তর্কসাপেক্ষে সেরা। আমাদের বিপক্ষেই এই কাজ সে অনেকবার করেছে। খেলার গতি সে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলে এবং খেলাটাকে গভীরে নিয়ে যায়। আজকেও সে দুর্দান্ত খেলেছে।’
রান তাড়ায় কোহলির সেঞ্চুরির সংখ্যা ২৮টি, তার ধারেকাছে কেউ নেই। দুইয়ে থাকা শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি ১৭টি। তার ব্যাট হাসলে দলও জেতে। আরেকটি পরিসংখ্যান বলছে, রান তাড়া করে দলকে জেতানোর হিসেবে মাত্র ৩ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে কোহলির ৬ হাজার রান হয়ে যাবে। এছাড়া পরে ব্যাট করে জয়ের ম্যাচে কোহলির সেঞ্চুরি ২৪টি, টেন্ডুলকারের যা ১৪টি। রান তাড়ায় জয়ে কোহলির গড় ৮৯.৫০, যা সর্বোচ্চ।
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই শেষে রিয়াল মাদ্রিদের জয়
বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় : সালমান
৯ ওভারে ৯৯ রান দিয়ে মুক্তারের বিব্রতকর রেকর্ড