চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এই নিয়ে চারটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলীদের।
রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু, এরপর ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। এই চারবারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনো অধিনায়কের এই রেকর্ড নেই।
রোহিত ছাড়া আরও দুই অধিনায়ক চারবার করে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন- মহেন্দ্র সিং ধোনি ও রিকি পন্টিং। তবে তারা কেউ আইসিসির চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেননি। ধোনি ২০০৭ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলেন। তার মধ্যে ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিলেন। চারবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
ভারতের আর এক সাবেক অধিনায়ক সৌরভ ২০০০ ও ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। ২০০২ ছাড়া বাকি দুটি ফাইনালে তিনি হেরে যান। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনও দলকে তিনবার ফাইনালে তুলেছিলেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। তার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি দুটি ফাইনালে তারা হেরে যায়।
চারবার ফাইনালে উঠলেও রোহিত এখনও পর্যন্ত শিরোপা জিতেছেন মাত্র একটি। গত বছর নাটকীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তার দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিতকে। এখন দেখার রবিবারের ফাইনালে রোহিত জিততে পারেন কিনা।
বাড়তি সুবিধা নয়, ভারত যোগ্য হিসেবেই জিতেছে: স্মিথ
রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’
রান তাড়ায় বিরাট কোহলিই ইতিহাসের সেরা: স্টিভেন স্মিথ
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই শেষে রিয়াল মাদ্রিদের জয়