শেষ ছয় দেখায় একবারও হারেনি, তবুও বায়ার্নকে সমীহ আলোন্সোর

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে বায়ার লেভারকুজেন। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে সেই পরিসংখ্যান কোনো কাজে আসবে না বলে সতর্ক করেছেন লেভারকুজেন কোচ জাবি আলোন্সো।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এবার জার্মানির দুই জায়ান্টের লড়াই। প্রথম লেগ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বায়ার্নের ঘরের মাঠ, আলিয়াঞ্জ অ্যারেনায়।

২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোন্সোর দল বায়ার্নের কাছে একবারও হারেনি। শেষ ছয় দেখায় তিনটি জয়, তিনটি ড্র, যা বুন্দেসলিগার ইতিহাসে বায়ার্নের জন্য বিরল এক পরিসংখ্যান। এই মৌসুমেও দুই লিগ ম্যাচেই বায়ার্নকে আটকে দিয়েছে লেভারকুজেন। এমনকি ডিসেম্বরে জার্মান কাপের শেষ ষোলোয় তাদের হারিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় করেছে আলোন্সোর দল।

সংবাদ সম্মেলনে আলোন্সো জানিয়ে দিলেন, পুরোনো সাফল্য ভুলে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে, ‘কোনো রহস্য নেই। আগের ম্যাচগুলোর কোনো প্রভাব আগামীকালকের লড়াইয়ে থাকবে না। পুরোনো জয় দিয়ে নতুন ম্যাচ জেতা যায় না। চ্যাম্পিয়ন্স লিগ বুন্দেসলিগার চেয়ে আলাদা। প্রথম লেগ বায়ার্নের মাঠে, খুব কঠিন লড়াই হবে। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।’

বুন্দেসলিগায় লেভারকুজেন ভালো করলেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বায়ার্ন অনেক এগিয়ে। বায়ার্ন মিউনিখ—৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। বায়ার লেভারকুজেন—২০০২ সালে একবার রানার্সআপ। এমন অভিজ্ঞতা মাথায় রেখেই প্রতিপক্ষকে যথেষ্ট শ্রদ্ধা দেখাচ্ছেন আলোন্সো।

তিনি বলেন, ‘তাদের অসাধারণ এক মৌসুম কাটছে, আমরাও ভালো অবস্থায় আছি। তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের লড়াই করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে এবং ভালো একটি ম্যাচ খেলতে হবে।’

বুন্দেসলিগায় আধিপত্য দেখালেও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্নের অভিজ্ঞতা অনেক বেশি। তবে আলোন্সোর অধীনে লেভারকুজেন যে লড়াই করার ক্ষমতা রাখে, সেটি আগেই প্রমাণ করেছে। এবার দেখার পালা, ইউরোপের মঞ্চে আলোন্সোর জাদু বায়ার্নকে আবার কাঁপিয়ে দিতে পারে কি না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত