রিভার্স সুইং ফেরাতে বলে থুতু ব্যবহারের অনুমতি চান শামি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

করোনার কারণে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও এবার বলে থুতু ব্যবহারের অনুমতি চান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তার মতে, থুতু ব্যবহারের সুযোগ না থাকায় পেসারদের রিভার্স সুইং করানো কঠিন হয়ে পড়েছে, যা বোলারদের জন্য বড় এক সমস্যা।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বল পালিশ করতে থুতু ব্যবহার করতেন ফাস্ট বোলাররা। পুরোনো বলে এক পাশ উজ্জ্বল ও ভারী করে তোলার এই কৌশলে রিভার্স সুইং সহজতর হতো। বিশেষ করে ওয়ানডের মতো দীর্ঘ সংস্করণে এটি কার্যকর ছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির সময় চিকিৎসকদের পরামর্শে থুতু ব্যবহারের নিয়ম সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি, পরে সেটিকে স্থায়ী করা হয়। যদিও ঘাম ব্যবহারের সুযোগ রয়েছে, তবে শামির মতে, সেটি যথেষ্ট নয়। 

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পর সংবাদমাধ্যমের সামনে শামি বলেন, ‘আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত এই নিয়ম পুনর্বহালের আবেদন করছি। যদি অনুমতি দেওয়া হয়, তাহলে রিভার্স সুইং আরও কার্যকর হবে।’ 

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি শামি ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই পেসার বলেন, ‘আমি ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যখন দলে দুজন পূর্ণ শক্তির পেসার থাকে না, তখন অতিরিক্ত দায়িত্ব নিতেই হয়।’ 

শামির নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে ভারত। ৯ মার্চ দুবাইয়ে শিরোপার লড়াইয়ে নামবে রোহিত শর্মার দল। এখন দেখার বিষয়, শামির অনুরোধে সাড়া দেয় কি না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত