সবশেষ কাউন্সিল মিটিংয়ে ফিফা সিদ্ধান্ত নিয়েছে, এবারের ক্লাব বিশ্বকাপে ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হবে। আর তাতেই কপাল খুলে যেতে পারে রিয়াল মাদ্রিদের। আসরে চ্যাম্পিয়ন হতে পারলে অন্তত ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হতে পারে মাদ্রিদের ক্লাবটির।
ফিফা ঘোষিত প্রাইজমানির মধ্যে ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার বন্টন করা হবে আসরে ক্লাবগুলোর নৈপুণ্যর ওপর ভিত্তি করে। আর প্রায় ৫৪০ মিলিয়ন মার্কিন ডলার নির্দিষ্ট অ্যামাউন্ট হিসেবে বন্টন করে দেওয়া হবে অংশ নেওয়া ৩২টি ক্লাবের মধ্যে। যার মধ্যে ইউরোপের প্রতিযোগিতাগুলোর মধ্যে ভালো করা ১২টি ক্লাব- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্তাস, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড ও আরবি সলজবুর্গ পাবে ৩০৬ মিলিয়ন ডলার।
এর মধ্যে রিয়াল মাদ্রিদেরই সবচেয়ে বেশি উপার্জন হওয়ার কথা। শুধুমাত্র অংশগ্রহণের কারণেই ৪৮ মিলিয়ন ডলার পাবে তারা। এছাড়া বৈশ্বিক সম্প্রচারস্বত্ব, ঐতিহাসিক সাফল্য ও ক্লাবের বাণিজ্যিক মূল্যের মতো বেশকটি মানদণ্ড বিবেচনায় সবার ওপরে অবস্থান রিয়াল মাদ্রিদের। নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে শেষ ষোলোতে পৌঁছালে সাড়ে ৭ মিলিয়ন ডলার বাড়তি পাবে ক্লাবগুলো। কোয়ার্টার ফাইনালে ১৩ মিলিয়ন ও সেমিতে উঠলে ২১ মিলিয়ন ডলার যোগ হবে।
দুই ফাইনালিস্ট পাবে ৩০ মিলিয়ন ডলার করে। আর চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪০ মিলিয়ন ডলার। গতবার চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়াল পেয়েছিল ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।এবার ক্লাব বিশ্বকাপের ১৩ জুলাইয়ের ফাইনালে জয়ী দলটির নাম যদি হয় রিয়াল মাদ্রিদ তাহলে সাকুল্যে অন্তত ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে বাড়ি ফিরবে ক্লাবটি।
৩২ বলে আলাউদ্দিন বাবুর ৭৮, তিনশ' তাড়া করে জয় পারটেক্সের
চোট থেকে রক্ষা করতেই মেসিকে বিশ্রাম দিয়েছিলেন মাশচেরানো