কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি ১০০ মিটার দৈর্ঘ্যরে নড়বড়ে বাঁশের সাঁকো এখন ১০ গ্রামের অর্ধলাখ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর সাঁকোটি দিয়ে জানমালের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ১০০ মিটার দৈর্ঘ্যরে সাঁকোটি। কোথাও কোথাও ভেঙে গেছে পাটাতন। তারই ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ সাঁকোটির অবস্থান।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘ চার যুগেও বারোমাসি নদীর ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি থেকে পড়ে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় ও জাতীয় নির্বাচন এলে প্রার্থীদের প্রতিশ্রুতির শেষ থাকে না। পরে নির্বাচন শেষ হলে এখানে সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয় না।
স্থানীয় রহিম নামের একজন বলেন, বারোমাসি নদীর ওপর সেতু নির্মাণে বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো আশ্বাস পাওয়া যায়নি। পরে উপায়ন্ত না পেয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।
স্কুলছাত্রী মোহনা আক্তার বলে, ‘প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করি। খুব ভয় লাগে যদি পড়ে যাই। তার পরেও কোন উপায় নেই, ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে আমাদের। এখানে একটা সেতু হলে আমরা সুন্দরভাবে স্কুলে যেতে পারতাম।’
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুরজ্জামান বলেন, ‘ওই এলাকার বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’
