দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবক কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত কামরুলের বড় ভাই কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয় বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা। তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বজনদের সঙ্গে কথা হয়েছে।
