বগুড়ায় আলু বোঝাই ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শাহজাদা খান (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই এলাকায় কিছুটা কুয়াশা ছিল। এর মধ্যেই শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
