গত বিজয় দিবসের মতো এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, নিরাপত্তার কোনও ঝুঁকি দেখছি না বা আমরা কোনও হুমকি দেখছি না।
আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি এই তথ্য জানান।
কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, নরমালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে আছি, আনন্দ করার মেজাজে নাই।
আজকের সভায় গতানুগতিক সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন রমজান চলছে, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি—এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর আগের মিটিংয়ে আমরা ঈদের ছুটি নিয়ে ও বেতন ভাতা নিয়ে শ্রমিকদের যে অসন্তোষ থাকে, সেগুলো বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে। যেমন শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে যাতে দেওয়া হয়, সেজন্য বিকেএমইএ’র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আরও বিভিন্ন বিষয় যেমন, ঈদযাত্রায় যেন চাঁদাবাজি, ছিনতাই না হয়। বিভিন্ন শপিংমলগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেছি।
ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়, সে সময় চুরি-ডাকাতি হয়, সে বিষয়ে বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইতোমধ্যেই দেখেছেন পুলিশ আগের থেকে শক্ত হয়েছে, আরও শক্ত হবে। ইনশাআল্লাহ আমরা কোনো হুমকি দেখছি না বলে উল্লেখ করেন তিনি।
আমার আচরণ ভালো নয়, কিন্তু লোকে আনন্দ পায়: কোহলি
আসামি পালানোর ৬ মাস পর কেন জানানো হলো