দ্রুত নির্বাচন দিন, প্রয়োজনীয় সংস্কার নির্বাচিত সরকারই করবে: দুলু

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। প্রয়োজনীয় সকল সংস্কার করবে নির্বাচিত সরকার। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়।

রবিবার বিকেলে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল রাষ্ট্র সংস্কার হবে। সরকারি অফিস আদালতে ঘুষ-দুর্নীতি কমবে, কিন্তু হয়েছে তার উলটো। দেশে ঘুষ-দুর্নীতি কমেনি বরং বেড়েছে। অন্তর্বর্তী সরকার এখনও রাষ্ট্রের দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেনি। তাই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি।

দুলু আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি।

দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত