অবশেষে নিষেধাজ্ঞা মুক্ত হলেন সাকিব আল হাসান। তার বোলিং ফের বৈধ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কি। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোলিংয়ের বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। খবরটি নিশ্চিত করেছে তার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।
এর আগে বার্মিংহ্যাম ও চেন্নাইয়ের পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এরপর কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে কাজ করে অবশেষে সফল হলেন তিনি।
সাকিবের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘খুবই ভালো খবর। এখন সব জায়গায় সে আবার খেলতে পারবে। নির্বাচকরা চাইলে তাকে বিবেচনায় রাখতে পারেন।’
প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কিও আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘এটা অনেক বড় খবর। এত বছর খেলার পর বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু সবকিছু পেছনে ফেলে সে ফিরে এলো। বিসিবি চাইলে আবার তাকে বিবেচনা করতে পারে।’
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও আবার বোলিং করতে পারবেন সাকিব। তবে ফের ত্রুটি ধরা পড়লে আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাকে।
ফটোসেশনে থেকেও বাদ তিনজন, আরও একজনের ছিটকে যাওয়ার শঙ্কা