গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। মানববন্ধনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি হস্তক্ষেপের আহবান জানান। তারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি, ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়।

মানববন্ধনের শেষে ফিলিস্তিনের শোষিত ও নির্যাতিত জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত সবাই ফিলিস্তিনি জনগণের মুক্তি ও শান্তি কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ফিলিস্তিনিরা আজকে হামলার শিকার হচ্ছে আমাদেরও একই অবস্থা হতে পারে। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশে বিগত বছরগুলোতে অসংখ্য ইসরায়েলি পণ্য কেনা হয়েছিল, যা দিয়ে দেশের জনগণের ওপর গুপ্তচর বৃত্তি চালানো হয়েছে। সেসব পণ্য নিষিদ্ধ করতে হবে। বিগত সময়ে যত ইসরায়েলি জাহাজ দেশে এসেছে, সবগুলোর তথ্য প্রকাশ করতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, বিশ্ব আজ যে নির্মম চিত্র দেখছে তা কোনোভাবেই কাম্য নয়। পবিত্র রমজানে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে সে আমার ফিলিস্তিনি ভাই-বোনদের হাহাকার। আমি ইন্তেফাদা ফাউন্ডেশনকে আহ্বান করবো তারা যেন ফিলিস্তিনিদের পাশে দাড়ায় আমরা নিজের সাধ্যমতো সাহায্য করবো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত