সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

শেখ হাসিনার বিচার করতে হবে, আ. লীগের নিবন্ধন বাতিল চাই

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান দেখতে চাই। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণহত্যা চালিয়ে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনও প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ এখন কোনও রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনও অধিকার তাদের নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত