ঈদযাত্রায় যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়কে যান চলাচল সুষ্ঠু রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আজ রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে কিছু ট্রাফিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগরী থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবেন। সাধারণত ঈদ উপলক্ষে প্রায় ১ কোটি মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।

ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু এবং রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করার এবং বিআরটি লেন দিয়ে শুধুমাত্র আউটগোয়িং যান চলাচল নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মার্চ থেকে ঈদের পূর্ব রাত পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

১. ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধু ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে। উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া ও আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহনসমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।

২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোন যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সাথে নরমাল রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।

৩. উল্লিখিত তারিখ হতে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরী প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে নিম্নেবর্ণিত সড়কসমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:—

  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)
  • পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)
  • ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)
  • ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজার ব্রিজ)
  • ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ)
  • মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক
  • আব্দুল্লাপুর টু ধউর ব্রিজ সড়ক

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য এ নির্দেশনা সংশ্লিষ্ট সকল যানবাহনের চালকগণ ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত