ব্রাজিলের ফুটবল অঙ্গনে মাঠ কিংবা মাঠের বাইরে এখন কোনো ভালো খবর নেই। তবে ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের জন্য সুখবরই এলো। ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন বার্সেলোনা শহরের আদালত। সেই রায়ের বিরুদ্ধ আপিল করে জিতে গেছেন আলভেজ। তাকে অভিযোগ থেকে খালাস দিয়েছে কাতালুনিয়ার হাইকোর্ট।
গত বছরের মার্চ থেকে জামিনে মুক্ত আছেন আলভেজ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইকোর্ট আলভেজের আপিলের পর মূল রায়ে 'অসঙ্গতি' ও 'বৈপরীত্য' খুঁজে পেয়েছে। শাস্তি বাতিলের পাশাপাশি ব্রাজিলের হয়ে দুটি করে কোপা আমেরিকা ও কনফেডারেশন্স কাপজয়ী আলভেজের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। তাই এখন তার স্পেন ছেড়ে অন্য কোনো দেশে যেতে বাধা থাকছে না।
বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজির সাবেক এই তারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি পানশালায় একজন তরুণীকে ধর্ষণ করেছেন। এই অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করেন সেই ভুক্তভোগী। তবে আলভেজ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে বলে আসছেন যে, দুজনের সম্মতিতেই যৌন সম্পর্ক হয়েছিল। শুনানি শেষে আলভেজকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করে নিম্ন আদালতে।
এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আলভেজ। তারই ধারাবাহিকতায় এবার তিনি খালাস পেলেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তবে হাইকোর্টের রায়ের পর ভুক্তভোগীর আইনজীবী এস্তার গার্সিয়া ও আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য নিতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
মৃত্যুর আগে ‘১২ ঘণ্টা তীব্র যন্ত্রণা’ সইতে হয়েছিল ম্যারাডোনাকে
তামিমের ধুমপানের কথা প্রকাশ করায় চিকিৎসকদের দুঃখ প্রকাশ
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল