স্বপ্ন অধরা ইয়ালার, রেকর্ড জকোভিচের

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:৪০ এএম

মায়ামি ওপেনে দুর্দান্ত নৈপ্ণ্যু দেখানোর পর শেষ পর্যন্ত সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো ফিলিপাইনের ১৯ বছর বয়সী উঠতি তারকা আলেক্সান্দ্রা ইয়ালার। বৃহস্পতিবার মার্কিন তারকা জেসিকা পেগুলার বিপক্ষে তিন সেটের লড়াইয়ে ৭(৭)-৬(৩), ৫-৭ ও ৬-৩ ব্যবধানে হেরেছেন তিনি। তবে এই আসর দিয়ে বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছেন ইয়ালা। আগের তিন রাউন্ডে একে একে গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন ইগা শোয়ানতেক, পাওলা বাদোসা, ম্যাডিসন কিস এবং জেলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়েছেন। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে ১৪০ নম্বরে থাকা ইয়ালার মায়ামি ওপেন দিয়ে ডব্লিউটিএর কোনো ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেল।

বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালা বলেন, ‘এমন একটি সপ্তাহ কাটানোর জন্য ভাগ্য সহায় হতে হয় এবং এই সপ্তাহে সেটিই হয়েছে। এখন আমার লক্ষ্য হলো এই পারফরম্যানস ধরে রাখা।’ বেশ কিছুদিন ধরে টেনিস বিশ্বের অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে ধরা হচ্ছে ইয়ালাকে। ২০২২ ইউএস ওপেন গার্লস সিঙ্গেলস শিরোপা জেতেন। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের গার্লস ডাবলস শিরোপা জয় করেন। ইউএস ওপেন জয়ের পর নিজের দেশে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ফলস্বরূপ ভোগ ফিলিপিন্সের প্রচ্ছদেও জায়গা করে নেন। তিন বছর পর ইয়ালা এখন সিনিয়র ট্যুরে নিজের শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছেন। মায়ামি ওপেন দিয়েই প্রথম ফিলিপিনা হিসেবে ডব্লিউটিএ সেমিফাইনালে পৌঁছালেন তিনি। আর এ নৈপুণ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ ১০-এর ভেতর প্রবেশ করতে যাচ্ছেন। ম্যাচ শেষে প্রতিপক্ষ পেগুলার কণ্ঠেও ঝড়েছে প্রশংসা, ‘সে সত্যিই অসাধারণ খেলোয়াড়, খুবই প্রতিযোগিতামূলক ও সাহসী। বড় বড় খেলোয়াড়দের হারিয়েছে সে। সে যে দুর্দান্ত সেটি বলার প্রয়োজন নেই, কারণ সবাই তা দেখেছে। সে ভবিষ্যতে আরও অনেকবার আলোচনায় থাকবে, আজকের ম্যাচেই সে তা প্রমাণ করেছে।’

ফাইনালে পেগুলার মুখোমুখি হবেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। অন্য সেমিফাইনালে তিনি ৬-২, ৬-২ ব্যবধানে সরাসরি সেটে জেসমিন পাওলিনিকে হারিয়েছেন। এর আগে কখনো মায়ামি ওপেনের ফাইনাল খেলেননি সাবালেঙ্কা। এবার নিজের নৈপুণ্যে তিনি খুশি, ‘এটা এই মৌসুমের সেরা ম্যাচগুলোর মধ্যে একটি। আজ আমি নিজের খেলায় পুরোপুরি মনোযোগী ছিলাম এবং মনে হয়েছে সবকিছুই আমার পক্ষে কাজ করছে। আমি অত্যন্ত খুশি।’ শনিবার হার্ড রক স্টেডিয়ামে নারী এককের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পুরুষদের সেমিফাইনালে উঠেছেন মহাতারকা নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে সেবাস্টিয়ান কর্দাকে ৬-৩, ৭-৬ (৪) সেটে হারিয়ে শেষ চারে পৌঁছান রেকর্ড ২৪টি গ্র্যান্ড সø্যামজয়ী এ সার্বিয়ান। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো এটিপি ১০০০ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবেন জকোভিচ।

তবে সহজ ছিল না তার এ জয়। দ্বিতীয় সেটে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু অসাধারণ প্রত্যাবর্তনের মাধ্যমে সেটটি টাইব্রেকারে নিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। ৩৭ বছর বয়সী এই টেনিস তারকা এবার রেকর্ড সপ্তমবারের মতো মায়ামি ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন, যদিও ২০১৬ সালের পর তিনি এ শিরোপা আর জিততে পারেননি। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জকোভিচ বলেন, ‘সরাসরি সেটে জিতে আমি স্বস্তি অনুভব করছি। সত্যি বলতে আমি কিছুটা নার্ভাস ছিলাম কারণ কর্দার বিপক্ষে আপনি কখন কী পাবেন তা জানা যায় না। সে খুব আক্রমণাত্মক, প্রতিভাবান এবং যে কোনো শট খেলতে সক্ষম। আমি বেশ চাপের মধ্যে ছিলাম এবং ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ।’ পুরুষদের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবেন টেইলর ফ্রিটজ ও ইয়াকুব মেনসিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত