রাসেল ডমিঙ্গো এবার পাকিস্তানের ক্রিকেটে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আবারও এশিয়ায় ফিরতে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই তার। তবু এই প্রোটিয়াকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স।

আসন্ন পিএসএল সামনে রেখে কালান্দার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন ড্যারেন গফ। তবে ‘ব্যক্তিগত কারণে’ তিনি সরে দাঁড়ানোয় ডমিঙ্গোকে বেছে নিয়েছে দলটি। নতুন দায়িত্ব পেয়ে ৫০ বছর বয়সী ডমিঙ্গো বলেন, ‘পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সেখানে কাজ শুরু করতে, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে, ম্যানজমেন্টের সঙ্গে বোঝাপড়া গড়তে এবং দারুণ রোমাঞ্চকর একটি অভিযানের প্রস্তুতি শুরুর অংশ হতে তর সইছে না।’

২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছিলেন ডমিঙ্গো। তার আমলে কিছু স্মরণীয় জয়ের পাশাপাশি বিতর্কও হয়েছে চরম। শেষ পর্যন্ত ২০২২ সালের ডিসেম্বরে নানা বিতর্কের মাঝে অনেকটা বাধ্য হয়েই তিনি পদত্যাগ করেন। তার জায়গায় দ্বিতীয়বারের মতো প্রধান কোচ হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে প্রথমবারের মতো দ্বিতীয় দফাতেও হাথুরুর বিদায় সুখকর হয়নি।

এর আগে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হয়েছিলেন ডমিঙ্গো। দুই বছর পর ২০১৩ সালে গ্যারি কার্স্টেনের বিদায়ের পর সব সংস্করণেই তিনি প্রধান কোচের দায়িত্ব পান। ২০১৭ সালে জাতীয় দল থেকে সরিয়ে তাকে আবার পাঠানো হয় ‘এ’ দলে। বাংলাদেশ থেকে বিদায় নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেই কোচিং করাচ্ছিলেন। এবার দেখার, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে তিনি কেমন কোচিং করান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত