বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগের নেতকর্মীরা

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম

নোয়াখালী সদর উপজেলায় হামলা চালিয়ে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার শিকার বিএনপি নেতা জাকির হোসেন ওরফে আলো (৪৫)। তিনি নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু বেপারী বাড়ির মনু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি তার বাড়িতে দলের সিনিয়র নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করেছিলেন। খাওয়া শেষে জাকির জেলা শহর মাইজদী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে, নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় পৌঁছালে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের মোটরসাইকেল দিয়ে রাস্তার সামনে ব্যারিকেড দেয়। এরপর বিএনপি নেতা জাকিরকে মারধর করে রাস্তার পাশে ক্ষেতে নিয়ে গিয়ে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এই হামলায় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আরাফাত আহমেদ দিপুও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

অভিযোগের বিষয়ে জানতে যুবলীগ নেতারা পিয়াস ও বাবুলের মোবাইলে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। 

নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নেতা জাকিরকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা আটকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’ তিনি জানান, আহত জাকিরের অবস্থা আশঙ্কাজনক। 

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, যুবলীগ নেতা পিয়াস ও বাবুলের নেতৃত্বে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং আহত জাকির তাকে কানে কানে হামলাকারী যুবলীগ নেতা পিয়াসের নাম বলেছে। ’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত