আইপিএল মানেই টাকার ওড়াওড়ি। প্রতি মৌসুমেই কোটি কোটি টাকা খরচ করে দলগুলো ক্রিকেটারদের কেনে। তারকা ক্রিকেটারদের নিয়ে রীতিমতো লড়াই হয়। টাকার অংকে যে এগিয়ে যায়, সেই পায় তারকাদের। কিন্তু সেই তারকারাই যদি মাঠের খেলায় ফ্লপ হন, তাহলে আফসোসের অন্ত থাকে না। ইতোমধ্যেই সব দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। তাই দামী খেলোয়াড়দের পারফর্মেন্সের দিকে একটু নজর দেওয়া যেতে পারে।
রিশাভ পান্ত (৩ ম্যাচে ১৭ রান) : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার রিশাভ পান্ত সবচেয়ে বেশি হতাশ করেছেন। ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়ে অধিনায়ক বানিয়েছে লক্ষ্ণৌ। কিন্তু তিনটি ম্যাচ খেলে ফেললেও তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩ ম্যাচে মাত্র ১৭ রান করেছেন। পাশাপাশি তার নেতৃত্বতেও আলাদা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভেঙ্কটেশ আয়ার (৩ ম্যাচে ৯ রান) : ধরে না রাখলেও মেগা নিলামে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন, এত দাম দিয়ে ভেঙ্কটেশকে কেনা যুক্তিসঙ্গত কিনা। তিন ম্যাচ শেষে ওই সন্দেহটাই সত্যি মনে হচ্ছে। দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি। বাকি দুটি ম্যাচে তার অবদান মোটে ৯ রান। সেইসঙ্গে যুক্ত হয়েছে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া।
যশস্বী জয়সওয়াল (৩ ম্যাচে ৩৪ রান) : ভারতের ক্রিকেটের ভবিষ্যত বলা হয় যশস্বী জয়সোয়ালকে। ২৩ বছরের এই ক্রিকেটারকে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। তবে এই আইপিএলে এখনও পর্যন্ত যশস্বীর ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। তিন ম্যাচে মাত্র ২৯ রান করেছেন। দুটি ম্যাচে দুই অঙ্কেও যেতে পারেননি। তার খেসারতও দিতে হয়েছে রাজস্থানকে।
রোহিত শর্মা (৩ ম্যাচে ২১ রান): সদ্য চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারত অধিনায়ককে নিলামের টেবিলে উঠতে হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স ১৬.৩০ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল। কিন্তু ‘হিটম্যান’ এবছর রোহিত মোটেই ফর্মে নেই। দেশের জার্সি থেকে ক্লাবের জার্সি, কোনো জায়গাতেই তিনি রান পাচ্ছেন না। আইপিএলে তিন ম্যাচে করেছেন ২১ রান। দেশের জার্সিতে তার অবস্থান টালমাটাল, আইপিএলে ভালো করতে না পারলে বাদ পড়ার শঙ্কাও আছে।
অভিষেক শর্মা (৩ ম্যাচে ৩১ রান) : গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগ্রাসী ব্যাটিং করে রাতারাতি শিরোনামে এসেছিলেন অভিষেক শর্মা। জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটারকে ১৪ কোটি রুপি দিয়ে ধরে রাখে হায়দরাবাদ। তবে এ মৌসুমে তার ব্যাট থেকে রান উধাও। তিন ম্যাচে করেছন মাত্র ৩১ রান। দলে আর এক ওপেনার ঈশান কিশান থাকায় তার ওপর চাপও বাড়ছে।
রিঙ্কু সিং (৩ ম্যাচে ২৯ রান) : ২০২৩ আইপিএলে পাঁচ ছক্কা মেরে বিখ্যাত হয়েছিলেন রিঙ্কু সিং। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলছেন। মেগা নিলামে তাকে ১৩ কোটি রুপিতে ধরে রাখে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার রিঙ্কুর ব্যাট হাসছে না। ৩ ম্যাচে মাত্র ২৯ রানই এর প্রমাণ।
আইপিএলে ধোনির উপস্থিতিই বড় ব্যাপার : ক্রিস গেইল
অজুহাত দেব না, আমরা খারাপ খেলেছি: রিজওয়ান
কোহলির উদযাপন নকল করতে গিয়ে জুটল শাস্তি
স্ত্রীর সঙ্গে রোমান্টিক লুকে মেসি, ব্যাপারটা কী?