টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৮ এএম

শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না এলে ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই দুটো টেস্টের সঙ্গে আরেকটি সীমিত ওভারের ক্রিকেট সিরিজও অস্ট্রেলিয়ার শীতকালীন সূচিতে যোগ হবে বলে জানিয়েছে সিএ।

২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঠাসবুনোট সূচিতে বিগত কয়েক বছরের মধ্যে ব্যস্ততম মৌসুম কাটাতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অ্যাশেজ এবং ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কারণে ম্যাচ সংখ্যা বেড়ে গেছে, আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজও। তাই তো ১৭ বছর পর অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড অর্থাৎ দেশটির ওপরের দিকের অংশের ডারউইনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগস্টে প্রোটিয়াদের সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে নর্দার্ন টেরিটোরির ডারউইনে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগের ১৪ মাসে ২১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, যার দুটো বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল ২০২৭ সালে। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত ইতিহাসের প্রথম টেস্টের দেড়শ বছর পূর্তিতে ২০২৭ সালে মার্চের ১১ থেকে ১৫ তারিখে মেলবোর্নে হবে একটি বিশেষ টেস্ট ম্যাচ। এ কারণেই বাংলাদেশের সফর ২০২৬ সালে এগিয়ে এনেছে সিএ। ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস, ‘ওদের (সিএ) সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, বিশেষ টেস্টের জন্য ওরা আমাদের সফরটা এগিয়ে আনতে চেয়েছে। আমরা রাজি হয়েছি। আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরে আমরা অস্ট্রেলিয়া যাব। প্রধান টেস্ট ভেন্যুগুলোর বাইরে, ডারউইন বা কেয়ার্নসেই ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা বেশি। শীতে ওখানেই খেলা হয়।’ ব্যস্ত সূচিতে অস্ট্রেলিয়া শীর্ষ ক্রিকেটারদের বসিয়ে রেখে অপেক্ষাকৃত নবীনদের সুযোগ দেবে কি না, বাংলাদেশের বিপক্ষে এই প্রসঙ্গে নাফীস বলেন, ‘ওরা কাদের খেলাবে সেটা তো ওদের ব্যাপার। তবে আমার মনে হয় বাংলাদেশকে হালকাভাবে নিলে ওরাই হেরে যেতে পারে। ম্যাচ দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অস্ট্রেলিয়া মনে হয় না হালকাভাবে নেবে। বোলারদের তো ওরা ঘুরিয়ে ঘুরিয়েই খেলায়, ব্যাটসম্যান মনে হয় না বদল করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত