মধুচন্দ্রিমা ফেলে আইপিএলে এসে দুই হাতে বোলিং!

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম

বিশ্বের অনেক ক্রিকেটারই বিশ্বকাপের চেয়েও আইপিএলকে বড় করে দেখেন। কারণ, এখানে টাকার ওড়াওড়ি হয়। তবে শ্রীলঙ্কার তরুণ স্পিন অল-রাউন্ডার কামিন্দু মেন্ডিস আরেক কাঠি সরেস। তিনি আইপিএল খেলার জন্য নববধুর সঙ্গে মধুচন্দ্রিমার পরিকল্পনাও বাতিল করেছেন! পাশাপাশি দুই হাতে বোলিং করে তাক লাগিয়ে দিলেন।

এবারের আইপিএলের মেগা নিলামে কামিন্দুকে ৭৫ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কামিন্দু। তবে তার দল হেরেছে ৮০ রানে। কলকাতার ইনিংসে ১৩তম ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি করেছেন বাম হাতে এবং বাকি তিনটি ডেলিভারি ডান হাতে। স্বীকৃত ক্রিকেটে এর আগে দুই হাতে বোলিং করেছেন হাশান তিলকরত্নে আর হানিফ মোহাম্মদ।

আইপিএলে আসার আগে দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেছেন কামিন্দু। পরিকল্পনা ছিল দেশের বাইরে মধুচন্দ্রিমা উদযাপন করবেন। কিন্তু আইপিএলের জন্য শ্রীলঙ্কার পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর হাপুতালেতে সংক্ষিপ্ত আকারেই মধুচন্দ্রিমা সেরেছেন। তাদের বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনা বলেছেন, ‘হাপুতালেতে দুজন সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা সেরে নিয়েছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ায় দেশের বাইরে যেতে পারেনি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত