চেলসিকে চার নম্বরে তুলে আনলেন এনজো ফার্নান্দেজ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ পিএম

টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলো চেলসি। গতকাল বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের এনজো ফার্নান্দেজের একমাত্র গোলে ম্যাচটি জিতে নেয় প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ এই ক্লাবটি। ম্যাচ শেষে নিজের একটি ভুল সিদ্ধান্তের কথাও স্বীকার করেছেন চেলসি কোচ এনজো মারেস্কা।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে চেলসি। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে বাঁ প্রান্ত থেকে কোল পালমারের ক্রসে বল পেয়ে ফাঁকায় থাকা এনজো দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন। এরপর দুই দলই একবার করে বল জালে পাঠায়। কিন্তু ভিএআর পরীক্ষায় দুটি গোলই বাতিল হয়ে যায়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর পালমার ও ফার্নান্দেজকে উঠিয়ে দুজন ডিফেন্ডার নামান চেলসি কোচ।

অতিরিক্ত সময়ে আর কোনো গোল যাতে হজম করতে না হয়, সেজন্যই মরেস্কা এই কৌশল নেন। কিন্তু যখন অতিরিক্ত সময় হিসেবে ১২ মিনিট যোগ করা হয় এবং সেটা পরে গিয়ে ১৪ মিনিটে ঠেকে, তখন তার মাথায় হাত! ম্যাচ শেষে ভুল স্বীকার করে বলেন, ‘সত্যি বলতে, ভুলটা আমারই। অতিরিক্ত সময় দেখার আগেই আমি দুজনকে বদলি নামাই। যখন দেখলাম ১২ মিনিট যোগ করা হয়েছে, তখন মনে হলো, একটু বেশি আগেই পরিবর্তন করে ফেলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত