মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে এসে পুলিশ সদস্যদেরকে হত্যার হুমকি ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৫) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)। এদের মধ্যে জীবন সরকার সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দল (হেলাল হাজী মহল্লা) গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে ও শফিকুল ইসলামের একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রবিবার (৬ এপ্রিল) তাদেরকে মাদক সেবনের অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো বলে সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসকের সার্টিফিকেটের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়েছেন পুলিশ। এর আগে শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি আরিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ৯টার দিকে সাবেক কাউন্সিলর নূরে আলম বাবুলসহ কয়েকজন লোক থানায় এসে চিৎকার শুরু করে। এর মধ্যে শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। পরে পুলিশ তাদের আটক করেন। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে মাদক সেবনের সার্টিফিকেট সংগ্রহ করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন বলেন, দলের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, বেশ কিছু লোকজনের সাথে মদ্যপ অবস্থায় জীবন ও শফিকুল থানায় আসে। এরপর তারা এজাহারভুক্ত গ্রেপ্তার হওয়া আসামিকে ছেড়ে দিতে বলেন। এ নিয়ে পুলিশের সাথে অসদাচরণ করেন তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
