৫ বছর পর আবার গোলশূন্য ম্যানচেস্টার ডার্বি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ এএম

ওল্ড ট্রাফোর্ডে ছিল ৭৪ হাজার দর্শকের ঢল। স্বপ্নের রঙ্গমঞ্চে উত্তেজনার কমতি ছিল না একচুলও। ম্যানচেস্টার ডার্বি মানেই উত্তাপ, প্রতিদ্বন্দ্বিতা আর আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চ। তবে এই রোমাঞ্চে রঙ ছড়াতে পারেনি গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি খেলেছে গোলশূন্য ড্র। শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ডার্বি গোলশূন্য ড্র হয়েছিল প্রায় ৫ বছর আগে—২০২০ সালের করোনা কালে, দর্শকশূন্য ওল্ড ট্রাফোর্ডে।

সেই ম্যাচে ইউনাইটেডের ডাগআউটে ছিলেন উলে গুনার সুলশার, আর সিটির কোচ ছিলেন বর্তমান বস পেপ গার্দিওলা। তবে এবার ইউনাইটেডের ডাগআউটে ছিলেন রুবেন আমোরিম, যিনি চলতি মৌসুমে গার্দিওলার বিপক্ষে তিনটি ম্যাচেই অপরাজিত রইলেন—দুইবার ইউনাইটেডের হয়ে, একবার স্পোর্তিং লিসবনের কোচ হিসেবে।

শিরোপা লড়াই থেকে দুই দলই অনেক আগেই ছিটকে পড়েছে। তবে মর্যাদার লড়াইটা ছিল ইউনাইটেডের জন্য, (আর শীর্ষ চারে ফেরার আশায় মাঠে নামে সিটি। সন্ধ্যায় চেলসি ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করায় ডার্বিতে জয় পেলেই পয়েন্ট তালিকার চারে উঠে যেত গার্দিওলার দল। কিন্তু ইউনাইটেডের রক্ষণভাগে আটকে গিয়ে পাঁচেই থেকে যেতে হলো তাদের।

ম্যাচটি ছিল কেভিন ডি ব্রুইনার শেষ ম্যানচেস্টার ডার্বি। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। কিন্তু বিদায় লগ্নে তিনি পেলেন অম্লমধুর এক স্মৃতি।

৩১ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির সংগ্রহ এখন ৫২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত