দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে ৩ জন গুলিবিদ্ধ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চার আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আহত ইয়াসিনসহ তিনজনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। 

গুলিবিদ্ধ আহতরা হলেন- হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬)। এছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানাপাড়া গ্রামের ৭/৮ জন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ির কাছে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে। এতে ইসমাইল তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান। পুলিশ খবর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চার বছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সঙ্গে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয় সূত্র জানায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইম নামে আরও দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত