কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জানা যায়, ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান গ্রামের বাড়ি যাওয়ায় বাসায় একা ছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে শনিবার (৫ এপ্রিল) কর্মস্থলে ফেরেন আমিনুল। রবিবার (৬ এপ্রিল) ডিউটি করলেও সোমবার ডিউটি ছিল না। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে পুলিশ তার বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শাহজালালের থার্ড টার্মিনাল ব্যবহার দীর্ঘায়িত হওয়ার শঙ্কা