হুট করেই রিয়াল মাদ্রিদের পারফর্মেন্সে কী যেন হয়ে গেছে! ১৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আর্সেনালের মুখোমুখি হয়েও তারা নিজেদের সেরাটা দিতে পারল না। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রাইসের জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেছেন মিকেল মেরিনো।
মঙ্গলবার রাতে আর্সেনালের মাঠে প্রথমার্ধের লড়াই হয়েছে সমানে সমানে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না রিয়াল মাদ্রিদকে। দুর্দান্ত দুটি ফ্রি কিকে জালের দেখা পেলেন রাইস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় আর্সেনাল, যার ১১টিই ছিল লক্ষ্যে। অন্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রাইসের নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। ৭০তম মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন সেই রাইস। আরেকটি দুর্দান্ত ফ্রি কিক থেকে তিনি বল জালে পাঠান। আর্সেনাল দুটি ফ্রি কিক-ই পায় সাকাকে ফাউল করায়। প্রথমবার তাকে ফাউল করেন আলাবা, পরেরবার কামাভিঙ্গা।
৭৫ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেরিনো। ডি বক্সের মাথায় মাইলস লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। বাকি সময়ে কোনো দলই গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা।
রান উৎসবের ম্যাচে কলকাতার রুদ্ধশ্বাস পরাজয়