ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, এমন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল বুধবার স্থানীয় সময় ফ্রান্স ফাইভ টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। খবর: আল জাজিরা।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘স্বীকৃতির বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে, এবং আমরা কয়েক মাসের মধ্যে এটি করতে চাই।’
তিনি আরও জানান, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পরিপ্রেক্ষিতে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। ফ্রান্স চায়, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হোক।
ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে।’
তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের যেকোনো ‘‘একতরফা স্বীকৃতি’’ হামাসের পক্ষে সুবিধাজনক হবে।’
জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা এবং বার্বাডোস।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ