সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছে বিএনপি। এছাড়া ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনা তুলে ধরেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পোস্টে বলা হয়, এফডিআই/জিডিপি লক্ষ্যমাত্রা ০.৪৫ শতাংশ থেকে জিডিপির ২.৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। একইসঙ্গে ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি। এছাড়াও জনগণের ঘাড় থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে ট্যাক্সের ভয় দূর করে কিভাবে ট্যাক্স আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।
সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় এই দল।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তথা এফডিআইকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করতে ১১টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। যার মধ্যে রয়েছে— বিডাকে কার্যকরী করা, ভিসা/ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য সপ্তাহে ২৪ ঘণ্টা সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল।
পোস্টে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনিয়োগ সম্মেলন উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনটি বিষয় বলেছেন। এগুলো হলো ঐক্যই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান, এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন করেছিল এবং খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগবান্ধব নীতি ছিল।
